নিজস্ব প্রতিবেদক
৩০ এপ্রিল, ২০২৬, 7:25 PM
কামড় দেওয়া জীবিত সাপ নিয়েই হাসপাতালে যুবক, এলাকায় চাঞ্চল্য
ফরিদপুরের সদরপুর উপজেলায় বিষধর গোখরা সাপের কামড়ে আহত হয়ে সাপটিকেই সঙ্গে নিয়ে হাসপাতালে চিকিৎসা নিতে আসেন রিপন শিকদার (৩৫) নামে এক যুবক। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) দুপুরে ঘটে যাওয়া এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
রিপন শিকদার উপজেলার ভাষানচর ইউনিয়নের আমিরাবাদ গ্রামের বাসিন্দা এবং পেশায় একজন দোকানদার। স্থানীয় সূত্রে জানা যায়, দুপুর প্রায় ১টার দিকে নিজ দোকানে একটি বয়ামে হাত দেওয়ার সময় ভেতরে লুকিয়ে থাকা একটি গোখরা সাপ তাকে ছোবল দেয়। এতে তিনি গুরুতর আহত হন।
ঘটনার পরপরই স্থানীয়দের সহায়তায় দ্রুত তাকে সদরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। এ সময় তিনি ছোবল দেওয়া জীবিত সাপটিকেও সঙ্গে করে নিয়ে আসেন, যা হাসপাতালের রোগী ও স্বজনদের মধ্যে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে।
হাসপাতাল সূত্রে জানা গেছে, আহত রিপনকে দ্রুত সাপের বিষনাশক (অ্যান্টিভেনম) প্রয়োগ করা হয়েছে। বর্তমানে তিনি চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন।
চিকিৎসক ডা. এফতেখার জানান, সময়মতো হাসপাতালে আনা হওয়ায় রোগীর অবস্থা এখন স্থিতিশীল রয়েছে। তবে নিরাপত্তার জন্য পরবর্তী কয়েক ঘণ্টা তাকে পর্যবেক্ষণে রাখা হবে।
এ ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়েছে। বিশেষ করে দোকান বা ঘরের ভেতরে লুকিয়ে থাকা সাপ সম্পর্কে সবাইকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন এলাকাবাসী।