নিমাত উল্লাহ
১৪ মে, ২০২৬, 11:17 PM
কুকুরের মাটি খোঁড়ায় মিলল রহস্যের সূত্র, উদ্ধার হলো নারী-শিশুর অর্ধগলিত মরদেহ
ফরিদপুর ও রাজবাড়ী জেলার সীমান্তবর্তী এলাকা থেকে অজ্ঞাতপরিচয় এক নারী ও এক কন্যাশিশুর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনাটি ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
বৃহস্পতিবার (১৪ মে) বিকেল সাড়ে ৪টার দিকে গোয়ালন্দ উপজেলার বগেরটিলা এবং ফরিদপুর সদরের চর মাধবদিয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের সীমান্তবর্তী ইখলাস মাতুব্বরের কলাবাগান এলাকা থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ওই এলাকার বাসিন্দা কুলসুম বেগম ছাগল চরাতে গিয়ে কলাবাগানের পাশে একটি কুকুরকে মাটি খুঁড়তে দেখেন। বিষয়টি তার সন্দেহজনক মনে হলে তিনি ঘটনাস্থলের কাছে যান। এ সময় সেখানে তীব্র দুর্গন্ধ পান এবং মাটির নিচ থেকে মানুষের পায়ের গোড়ালি দেখতে পান। পরে তিনি স্থানীয় লোকজনকে বিষয়টি জানান। খবর পেয়ে স্থানীয়রা রাজবাড়ীর গোয়ালন্দ থানা পুলিশ ও ফরিদপুর সদর থানা পুলিশকে অবহিত করে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মাটি খুঁড়ে অজ্ঞাতপরিচয়ের এক নারী (৩৫) ও এক কন্যাশিশুর (৪) অর্ধগলিত মরদেহ উদ্ধার করে। এ সময় ফরিদপুর সদর থানা পুলিশের সদস্যরাও ঘটনাস্থলে উপস্থিত ছিলেন।
গোয়ালন্দ ঘাট থানা পুলিশ এর ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সফিকুল ইসলাম জানান, গোয়ালন্দের সীমান্তবর্তী ফরিদপুরের সীমানার মধ্য থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়েছে। সীমান্তবর্তী এলাকা হওয়ায় গোয়ালন্দ ঘাট থানা পুলিশ বিষয়টি গুরুত্বসহকারে পর্যবেক্ষণ করছে। তবে মরদেহ দুটি ফরিদপুরের সংশ্লিষ্ট থানা পুলিশ গ্রহণ করবে এবং তারাই পরবর্তী আইনি প্রক্রিয়া সম্পন্ন করবে।
বিষয়টি নিশ্চিত করে ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আজমীর হোসেন বলেন, এখনো পর্যন্ত নিহতদের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। নিহতদের পরিচয় শনাক্ত এবং ঘটনার রহস্য উদ্ঘাটনে পুলিশি তদন্ত অব্যাহত রয়েছে।