নিজস্ব প্রতিবেদক
২১ এপ্রিল, ২০২৬, 11:08 AM
গৃহবধূকে শিকলবন্দি করে নির্যাতন, উদ্ধার করলো পুলিশ
ফরিদপুরের নগরকান্দায় রিতু আক্তার (২০) নামে এক গৃহবধূকে শিকলবন্দি করে শারীরিক নির্যাতনের অভিযোগ উঠেছে স্বামী ও শ্বশুরবাড়ির সদস্যদের বিরুদ্ধে। অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে তাকে উদ্ধার করেছে।
সোমবার (২০ এপ্রিল) দুপুরে নগরকান্দা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে রিতু আক্তারকে উদ্ধার করে। পরে তাকে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
ভুক্তভোগী রিতু আক্তার উপজেলার লস্করদিয়া ইউনিয়নের বাগুটিয়া গ্রামের বাসিন্দা মো. জালাল কাজীর মেয়ে। লিখিত অভিযোগে জানা গেছে, প্রায় দুই বছর আগে তার বিয়ে হয় সাকরাইল গ্রামের খোরশেদ মাতুব্বরের ছেলে শামুন মাতুব্বরের (২৮) সঙ্গে। বিয়ের পর থেকেই পারিবারিক নানা বিষয় নিয়ে তাকে শারীরিক ও মানসিক নির্যাতন করা হচ্ছিল বলে অভিযোগ রয়েছে।
সোমবার সকালে রিতুর বাবা-মা মেয়ের খোঁজ নিতে শ্বশুরবাড়িতে গেলে তাকে ঘরের ভেতর শিকল দিয়ে বাঁধা অবস্থায় দেখতে পান। এ সময় তারা মেয়েকে উদ্ধারের চেষ্টা করলে রিতুর স্বামী শামুন মাতুব্বর, শ্বশুর খোরশেদ মাতুব্বর (৫৮), ননদ লিপি আক্তার (৪০) ও নিপা আক্তার (৩২) তাদের ওপর হামলা চালায় এবং মারধর করে আহত করে। পরে বিষয়টি পুলিশকে জানানো হলে পুলিশ গিয়ে রিতুকে উদ্ধার করে। এ সময় খোরশেদ মাতুব্বরকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়।
রিতু আক্তারের চাচা সৈয়দ আলী জানান, এর আগেও এ নিয়ে একাধিকবার সালিশ-বৈঠক হয়েছে। রোববার (১৯ এপ্রিল) শ্বশুর খোরশেদ মাতুব্বর তাদের বাড়িতে এসে দাবি করেন, রিতুকে ‘জিনে ধরেছে’ এবং তাকে নিয়ে যেতে বলেন। পরে পরিবারের সদস্যরা তাকে আনতে গিয়ে দেখেন, রিতুকে তিন দিন ধরে না খাইয়ে শিকল দিয়ে বেঁধে রাখা হয়েছে। এ সময় তাদের ওপর হামলা চালানো হয়। পরে পুলিশ গিয়ে তাদের উদ্ধার করে।
তিনি আরও অভিযোগ করেন, হামলার সময় তাদের কাছ থেকে স্বর্ণালংকার, নগদ টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেওয়া হয়েছে।
এ বিষয়ে বক্তব্য জানতে শামুন মাতুব্বরের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।
নগরকান্দা থানার ডিউটি অফিসার ও উপপরিদর্শক (এসআই) শরিফুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ভুক্তভোগীকে উদ্ধার করেছে। এ ঘটনায় থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে এবং খোরশেদ মাতুব্বরকে আটক করা হয়েছে। তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।