নিমাত উল্লাহ
৩০ এপ্রিল, ২০২৬, 6:30 PM
ফরিদপুরে নিখোঁজের ৬ দিন পর শিশুর মরদেহ উদ্ধার
ফরিদপুরে নিখোঁজের ছয় দিন পর আইরিন আক্তার (৭) নামে এক শিশু শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সকালে সদর উপজেলার গেরদা ইউনিয়নের কাফুরা এলাকার রেললাইনের পাশের একটি কলাবাগান থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত আইরিন আক্তার গেরদা ইউনিয়নের বুকাইল আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দা ও রিকশাচালক বাকা মিয়ার মেয়ে। সে বুকাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশু শ্রেণির ছাত্রী ছিল। পাঁচ বোনের মধ্যে সে সবার ছোট।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ২৪ এপ্রিল রাত আটটার দিকে বাড়ি থেকে বের হওয়ার পর আইরিন নিখোঁজ হয়। পরে পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি চালিয়ে না পেয়ে তার বাবা বাকা মিয়া কোতোয়ালি থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।
বৃহস্পতিবার সকালে কাফুরা এলাকার রেললাইনের পাশ দিয়ে যাওয়ার সময় স্থানীয়রা দুর্গন্ধ পান। পরে পাশের একটি কলাবাগানে শিশুটির মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেওয়া হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহীদুল ইসলাম জানান, মরদেহে পচন ধরেছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য পাঁচজনকে আটক করা হয়েছে এবং আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।